ট্রাম্পের পোস্ট মুছলো ফেসবুক

৬ আগষ্ট, ২০২০ ১৪:৪৪  
দীর্ঘ বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এক পোস্ট মুছে দিয়েছে ফেসবুক। ওই একই পোস্ট নিজ প্ল্যাটফর্ম থেকে টুইটার আগেভাগেই আড়াল করলেও বুধবার প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত বাস্তবায়নের উদাহরণ তৈরি করলো মার্ক জাকারবার্গের নেতৃত্ব। করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্যবিষয়ক নীতিমালা লঙ্ঘন করায় পোস্টটি মুছে ফেলা হলো বলে জানিয়েছে ফেসবুক। ফেসবুক বলছে, “ভিডিওটিতে ভুল দাবি ছিল যে, একদল মানুষ কোভিড-১৯ থেকে নিরাপদ, এটি কোভিড বিষয়ে ক্ষতিকর ভুল তথ্য সম্পর্কিত আমাদের নীতিমালার লঙ্ঘন।” ট্রাম্পে ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপও ছিল যেখানে বলা হয়েছিলো "শিশুরা কোভিড-১৯ থেকে প্রায় নিরাপদ"। টুইটারের পক্ষ থেকেও একই ব্যবস্থা নিয়ে বলা হয়েছে, তারা ট্রাম্পের প্রচারসংক্রান্ত একটি অ্যাকাউন্টের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফের কোনো টুইট করার আগে ট্রাম্পের ওই টুইটটি মুছতে হবে টিম ট্রাম্পকে। এটি যতক্ষণ পর্যন্ত না মুছবে, ততক্ষণ অ্যাকাউন্ট বন্ধ থাকবে। পোস্ট মুছে দেওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউস। তবে, হোয়াইট হাউসে এক ব্রিফিং চলাকালে ফের একই দাবি করেছেন ট্রাম্প।